২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌন হয়রানি ও ছাত্রীসংস্থায় যোগ দেওয়ার চাপ’: জবি ছাত্রের বিরুদ্ধে তিন সহপাঠীর অভিযোগ

ছাত্রদলের অভিযোগ, নাজমুস সাকিব ছাত্রশিবিরের নেতা। বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে শিবির।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতিতে যৌন সম্পর্ক’ এবং ইসলামী ছাত্রীসংস্থায় যোগ দেওয়ার জন্য ‘চাপ দেওয়ার’ লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের তিন নারী শিক্ষার্থী।

যার বিরুদ্ধে অভিযোগ, সেই নাজমুস সাকিব বিন ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার বিরুদ্ধে তার তিন নারী সহপাঠী গত ১৩ এপ্রিলে প্রক্টর অফিসে আলাদাভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাদের বক্তব্য মোটামুটি একইরকম।  

তাদের একজন লিখেছেন, “নাজমুস সাকিব বিন ইসলাম আমার এবং আমার আরও কয়েকজন বান্ধবীর সাথে একই সময়ে প্রেমে লিপ্ত ছিল এবং সবাইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন মেলামেশা করেছে। এছাড়া সে প্রায়শই আমাদের সকলকে ইসলামী ছাত্রী সংস্থায় যুক্ত হওয়ার জন্য জোর দিত। 

“এমতাবস্থায়, উক্ত প্রতারককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আপনার নিকট আর্জি জানাচ্ছি এবং একই সাথে আমাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে নাজমুস সাকিবকে কয়েকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। নিজের ফেসবুক আইডিও তিনি ‘ডিঅ্যাকটিভ’ করে রেখেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা স্পর্শকাতর বিষয়, আর যৌন মেলামেশারও অভিযোগ, তাই আমি এটা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে ‘শিবির নেতা’ নাজমুস সাকিবের শাস্তি দাবি করেছে। অন্যদিকে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

ছাত্রদলের মানববন্ধন

তিন নারী শিক্ষার্থীর সঙ্গে ‘শিবির নেতার অবৈধ সম্পর্ক স্থাপন, হানিট্র্যাপের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, জকসু নির্বাচনে অনৈতিক কৌশল অবলম্বন, ছাত্রী সংস্থায় যোগদানের জন্য চাপ সৃষ্টি, ফৌজদারি অপরাধ করেও সাংগঠনিক অস্বীকৃতি ও গুপ্ত রাজনীতি’সহ বিভিন্ন অভিযোগ এনে ক্যাম্পাসে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এসময় ছাত্রদল কর্মীরা স্লোগান দেন– ‘হানি ট্র্যাপের সেরা বীর, শিবির, শিবির’; ‘গুপ্ত রাজনীতি, চলবে না চলবে না’; “স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’; ‘নিরাপদ ক্যাম্পাস, আমরাই গড়ব’।

মানবন্ধনে জকসুর এজিএস প্রার্থী ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, “কিছু নারী শিক্ষার্থী আমাকে একটি হানিট্র্যাপের বিষয়ে জানায়। শিবিরের একজন পদধারী নেতা ছিল, তার বিরুদ্ধে একাধিক নারীর সাথে প্রেমের নামে শারীরিক সম্পর্কের অভিযোগ দেওয়া হয়। যখন সেটা জানাজানি হয়, তখন সে তার আইডি ডিঅ্যাকটিভ করে দেয়।

“ওই তিন শিক্ষার্থী জানায়, শুধু তারাই নয়, এরা ছাড়া অনেককেই জকসুতে ব্যবহার করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে ছাত্রীসংস্থায় যুক্ত হওয়ার প্রলোভন দেন।”

তানজিল বলেন, “শিবির যাকে দিয়ে জকসুর নির্বাচনি প্রচার করেছিল, তার বিরুদ্ধে আজ যখন নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে, তখন তাকে তারা নিজেদের কর্মী হিসেবে অস্বীকার করে। আমরা চাই তারা তাদের সকল কর্মী সমর্থকদের তথ্য প্রকাশ করে রাজনীতি করুক।”

ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “ছাত্রশিবির তাদের কোনো শাখা কমিটির দুজনের বেশি সদস্যের নাম প্রকাশ করে না। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রলীগের লুঙ্গির নিচে ঘাপটি মেরে বসে শিবির গুপ্ত রাজনীতি করেছে। ঢাবির সাদিক-ফরহাদরা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে শত শত সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছে, শত শত অপরাধ করেছে। ছাত্রলীগ যত ধরনের অপরাধ করেছে, তার সবগুলোই করেছে ছাত্রশিবিরের গুপ্ত নেতাকর্মীরা, যারা ছাত্রলীগের সাথে মিশে ছিল।

“ছাত্রদলের সকল ইউনিট মনে করে, শিবিরের রাজনীতি করতে হলে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তারা যদি তালিকা প্রকাশ করে, তবে দেখা যাবে বাংলাদেশের সকল অপরাধ অপকর্মে ছাত্রশিবির জড়িত আছে। আমরা জবি ছাত্রদল প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, যেন অনতিবিলম্বে গুপ্ত রাজনীতি বন্ধ করে একটি নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়ন করেন।”

ছাত্রশিবিরের সংবাদ সম্মলন

ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বলছে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ‘ভিত্তিহীনভাবে’ তাদের সংগঠনকে জড়ানো হচ্ছে। 

দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, "বিগত সময়ে যে রকম দায় দেওয়ার রাজনীতি আমরা দেখেছিলাম, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঠিক একই কাজ করল। তারা গতকালের একটি অভিযোগের প্রেক্ষিতে আজ শিবিরের বিরুদ্ধে কর্মসূচি দিল। 

“ওই শিক্ষার্থী যদি প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে থাকে, তাহলে প্রশাসন অভিযুক্তকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। ভিকটিম ন্যায়বিচার যেন পায়, সেজন্য জকসু এবং ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতে করবে।” 

পাল্টা অভিযোগ এনে আরিফ বলেন, “নাজমুস সাকিবের বাড়ি বগুড়ায়। সে জকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত কার্যনির্বাহী সদস্য তার এলাকার বড় ভাই শুভসহ ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী  তার বিভাগের বড় ভাই তানজিলেরও প্রচার করেছে।

“এখন সে জকসুতে শিবির প্যানেলের প্রচার করছে বলে শিবির ট্যাগ দিচ্ছে। সে যে ছাত্রদল ও ইসলামী ছাত্র আন্দোলনের হয়ে প্রচার করল, তাহলে কি সে ছাত্রদল কিংবা ইসলামী আন্দোলনের রাজনীতি করে?"