১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম সিটি কলেজে ‘গ্রাফিতি নষ্ট করায়’ শিবির-ছাত্রদল সংঘর্ষ

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ‘নষ্ট করায়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বিকালে কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, “দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।”

প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলেন, সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবির গ্রাফিতি আঁকে। সেটির নিচে লেখা হয়, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। তবে কে বা কারা ‘ছাত্র-রাজনীতি’ থেকে ‘ছাত্র’ শব্দটি কালো কালি দিয়ে মুছে ওপরে ‘গুপ্ত’ লিখে তির চিহ্ন এঁকে দেন। এরপর সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা লেখালেখি করেন, যার জেরে সকালে ক্যাম্পাসে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

সকালের ঘটনার প্রতিবাদে বিকাল ৪টার দিকে নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র শিবির। সেখান থেকে মিছিল নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতঙ্কে ওই এলাকায় যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করছেন।

ছাত্র শিবিরের নেতারা বলছেন, কলেজে তাদের আঁকা গ্রাফিতি নিয়ে বিভিন্ন উস্কানিমূলক লেখা লিখে ছাত্রদল। সকালে ছাত্র শিবিরের কর্মীরা ক্যাম্পাসে গেলে ছাত্রদল তাদের ওপর হামলা চালায়।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজে আমরা কিছু গ্রাফিতি এঁকেছিলাম। সেগুলোতে ছাত্রদল বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা লিখে নষ্ট করে দিয়েছে।

তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমাদের ভাইয়েরা অনলাইনে প্রতিবাদ জানিয়েছিল। আজকে (মঙ্গলবার) সকালে আমাদের কর্মীরা কলেজে যাওয়ার পর তাদের ওপর বিনা উস্কানিতে ছাত্রদল হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে।”

জয়ের অভিযোগ, কলেজে তাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিকালে তারা বিক্ষোভ মিছিল আয়োজন করেন। মিছিলে পুনরায় তাদের ওপর হামলা চালানো হয়।

এসব ঘটনায় শিবিরের অন্তত পাঁচজন আহত হয়েছে বলে দাবি করেন শিবির নেতা জয়।

এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে সিটি কলেজের দুই ছাত্রের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। যেটা কলেজ কর্তৃপক্ষ মিটমাট করে দিতে পারত। 

“কিন্তু শিবির পরিকল্পিতভাবে জমায়েত দিয়ে বহিরাগত নিয়ে ছাত্রদলের ওপর হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।”