২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তিযুদ্ধ: ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি আসনে লড়বেন ৩২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ ভর্তি পরীক্ষা হবে শনিবার, যেখানে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ জন শিক্ষার্থী। 

বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা হবে। 

ঢাকার বাইরের কেন্দ্রগুলো হল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩৪ হাজার ৬২জন শিক্ষার্থী আবেদন করেছেন। ১০০ নম্বরের পরীক্ষায় তারা অংশ নেবেন, যারমধ্যে ৬০ নম্বর এমসিকিউ প্রশ্ন এবং বাকি ৪০ নম্বর লিখিত প্রশ্ন। 

এর সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে থাকবে ২০ নম্বর। সব মিলিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১ হাজার ৫০ জন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের নয়টি বিভাগে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 

১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শনিবার বেলা সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।