চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২ বছর পর পূর্ণাঙ্গ হলো ছাত্রদলের কমিটি
২০২৩ সালের ১১ অগাস্ট আলাউদ্দিনকে সভাপতি ও নোমানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের কমিটি দেওয়া হয়।
দুই বছরের বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ফেইসবুক পেইজে বুধবার মধ্যরাতের দিকে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেওয়া হয়।
কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এজিএস নির্বাচিত হওয়া আয়ুবুর রহমানকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচজনের কমিটি আগে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চাকসু নির্বাচনের সময় একজনকে বহিষ্কার করা হয়। বাকি চারজনকে রেখে চবি ছাত্রদলের র্পূণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্র।
২০২৩ সালের ১১ অগাস্ট আলাউদ্দিন মোহসিনকে সভাপতি, আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে ৫৫ জনকে সহ-সভাপতি, ৯২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৬৩ জন সহ-সাধারণ সম্পাদক, ৬৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক ও ৬২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
