২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ের নারীদের স্মরণে ঢাবিতে 'জুলাই উইমেনস ডে'

টিএসসি এবং রাজু ভাস্কর্য চত্বরে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সোমবার 'জুলাই উইমেনস ডে' পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মসূচি তুলে ধরেন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, 'জুলাই উইমেনস ডে' পালনে ১৪ জুলাই সোমবার টিএসসি এবং রাজু ভাস্কর্য চত্বরে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ চলবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন।

এ অনুষ্ঠান দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের সরবরাহ করা আইডি কার্ড দেখিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। 

অনুষ্ঠান স্থলের নিরাপত্তা এবং দর্শকদের সুবিধার জন্য সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

এ আয়োজনের কারণে সোমবার বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনও বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি রাখা যাবে। 

অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবকরা সতর্ক থাকবেন।

টিএসসি ও আশপাশের ১০টি স্থানে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। পুরুষ ও নারী উভয়ের জন্য পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেট রাখা হবে।

জরুরি চিকিৎসার প্রয়োজনে অনুষ্ঠানস্থলে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে। 

জুলাইয়ের অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল ইনস্টলেশন করা হবে। এলইডি প্রজেকশনের মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহতদের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এরপর বৃহস্পতিবার টিএসসি/রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘আবরার ফাহাদ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।