১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে শাটল বাস

আপাতত তিনটি নন এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের তিনটি রুটে চলাচল করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য প্রথমবারের মত চালু হচ্ছে শাটল বাস সেবা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনটি নন এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের তিনটি রুটে চলাচল করবে। 

একটি রুটে কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্সএনেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড় হয়ে যাত্রী বহন করবে বাস।  

দ্বিতীয় রুটে নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট- কার্জন হল-কবি সুফিয়া কামাল হল হয়ে বাস চলবে। 

আর তৃতীয় রুটে কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-জগন্নাথ হল-এস.এম.হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড় দিয়ে বাস যাবে। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এই বাস সেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। 

“বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।"