২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করেছে শিক্ষালয়টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 04:12 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সোমবার একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

ইউনিটগুলো হচ্ছে- ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ),  ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ই  ইউনিট (চারুকলা অনুষদ)।

জানতে চাইলে উপাচার্য রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গুচ্ছ থেকে বেরিয়ে আমাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ওই সভায় ভর্তি কমিটি গঠন করা হয়েছে।” 

মহামারীর সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীকালে ২২টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে ছিল।

কিন্তু ২০২৩ সালে ভর্তি প্রক্রিয়া শুরু হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিষ্ঠানটির ‘স্বকীয়তা’ ধরে রাখতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এককভাবে শিক্ষার্থী ভর্তির দাবি তোলে।