Published : 02 Jan 2026, 07:24 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা।
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান উপস্থিতির হারের এ তথ্য দিয়েছেন।
‘এ’ ইউনিটে মোট ৮৭ হাজার ৬৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৪১০ জন। ঢাকা কেন্দ্রে উপস্থিতির ৮৯ দশমিক ৬০ শতাংশ। রাজশাহী কেন্দ্রে উপস্থিতির ৯০ দশমিক ৫০ শতাংশ। চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিতির ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ— এ চারটি অনুষদের ১ হাজার ৯৩টি আসন রয়েছে। মোট আবেদনের হিসেবে আসন প্রতি লড়েন প্রায় ৮০ জন শিক্ষার্থী।
পরীক্ষা বিষয়ে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি। পরীক্ষার্থীরা যাতে ভোগান্তিহীনভাবে পরীক্ষায় অংশ নিতে পারে, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছিল।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, “এবার তিনটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে। পাশাপাশি হেল্প সেন্টার, ছয়টি ইনফরমেশন সেন্টার এবং অভিভাবকদের বসার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়টিতে এরপরে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি, ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।