২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তির আবেদন দুই লাখের কাছাকাছি

‘এ’ ও ‘বি’ ইউনিটে ৪০ হাজার করে এবং বাকিগুলোয় আবেদনকারীদের সবাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুই লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। 

‘এ’ ও ‘বি’ ইউনিট মিলিয়ে জমা পড়েছে সবচেয়ে বেশি আবেদন, যাদের মধ্য থেকে ৮০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৭০০ টাকা ফি দিয়ে তাদের চূড়ান্ত আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষার সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক আবেদন পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। 

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬ হাজার ৮৭৭টি, ‘বি’ ইউনিটে ৬০ হাজার ৯০৮টি, ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৩৩৫টি, ‘ডি’ ইউনিটে ৩০ হাজার ৩৫৫টি এবং ‘ই’ ইউনিটে ২ হাজার ১৪৯টি আবেদন জমা পড়েছে।

তিনি বলেন, ৪০ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে ‘এ’ ও ‘বি’ ইউনিটে। বাকি ইউনিটগুলোয় আবেদনকারীদের সবাই অংশগ্রহণের সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রন্ত ওয়েবসাইটে চূড়ান্ত আবেদনকারীদের যোগ্যতা প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটে এইচএসসি ও এসএসসি'র মোট জিপিএ ৯ দশমিক ৮০ হলে চূড়ান্ত আবেদন করা যাবে। ‘বি’ ইউনিটে লাগবে ৮ দশমিক ৫০। 

কোন পরীক্ষা কবে

আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা হবে। ১৪ ফেব্রুয়ারি হবে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা। পরদিন ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা।

এরপর ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।

সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করে প্রতিষ্ঠানটি। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরপর মহামারী করোনাভাইরাস ও পরের তিন শিক্ষাবর্ষে শিক্ষালয়টি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়।

এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজেদের মত করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।