দিপু ও আয়েশাকে পোড়ানোর প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
“কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে—এই বাংলাদেশ আমরা চাইনি।”
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে মেরে পোড়ানো এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সেই সঙ্গে দেশজুড়ে চলা ‘মব সন্ত্রাসের’ বিচার দাবি করা হয়েছে।
রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় তারা ‘উই ওয়ান্ট, উই ওয়ান্ট; জাস্টিস, জাস্টিস’, ‘দিপু দাস পুড়ে মরে, প্রশাসন কী করে’, ‘মব সন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৫ অগাস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম—যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে, কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে; সেই বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি।
“একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “গতকাল আমাদের সহযোদ্ধা ওসমান হাদির দাফনস্থল নিয়েও কীভাবে গুজব ছড়ানো হয়েছিল। সচেতন ছাত্রসমাজ ও জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। এই গুজব থেকেই ধীরে ধীরে মব তৈরি হয়।”
আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের মধ্যেই তার হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে।”
তিনি বলেন, “বিগত দেড় বছরের বেশি সময় ধরে দেশে যে মবতন্ত্র ও বিশৃঙ্খলা চলমান, ৫ অগাস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশাল মিডিয়ার প্রোপাগান্ডা, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করছে।
“এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে—এই বাংলাদেশ আমরা চাইনি।”
রাকিব বলেন, “আমরা এই অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। এরা মানবিক নয়, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই।
“এই অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।”
বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া এলাকায় ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির’ শ্রমিক ২৮ বছর বয়সী দিপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামে স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। তাতে তার ৭ বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার মারা যায়। দগ্ধ হন বেলালসহ তার অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
