ইউরোমানি অ্যাওয়ার্ডসে ‘সেরার’ স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড
স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, ডিজিটালাইজেশনের সম্প্রসারণে দীর্ঘ প্রচেষ্টার ফল হিসেবে এই স্বীকৃতি এসেছে।
ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৩- এ বাংলাদেশের ‘সেরা ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
ডিজিটালাইজেশনের সম্প্রসারণের জন্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের দীর্ঘ প্রচেষ্টার ফল হিসেবে এই স্বীকৃতি এসেছে বলে মনে করছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ‘উদ্ভাবনী ও সামাজিক প্রভাব সৃষ্টিকারী’ প্রকল্প চালু এবং অংশীজনদের জন্য নতুন সুযোগ তৈরি করার জন্যেও এ বছরের ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্সে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে সম্মানিত করা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি অনেকগুলো সেব চালু করেছে, যা বাংলাদেশে প্রথম। এর মধ্যে রয়েছে এন্ড-টু-এন্ড ডিজিটাল ক্রস বর্ডার লেটার অব ক্রেডিট সেবা, প্রথম স্বয়ংক্রিয় ওভার-দ্য-উইকেন্ড ঋণ বিতরণ সেবা, ডিজিটাল লার্নিং টুলস উদ্বোধন।
ইউরোমানি হচ্ছে লন্ডন ভিত্তিক অর্থ ও বাণিজ্যভিত্তিক একটি মাসিক ম্যাগাজিন। ১৯৬৯ সাল থেকে ইংরেজি ভাষায় এটি প্রকাশিত হচ্ছে। বিশ্বব্যাপী ব্যাংকিং, সামষ্টিক অর্থনীতি, পুঁজি বাজার, ঋণ, ইক্যুইটি নিয়ে সংবাদ পরিবেশন ছাড়াও ‘ইউরোমনি ট্রেড ফাইন্যান্স জরিপ’ প্রকাশ করে ম্যাগাজিনটি। প্রতিবছর তারা সেরা ট্রেড ফাইন্যান্স পণ্য ও পরিষেবা সরবরাহকারীদের স্বীকৃতি দেয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “উন্নয়নের দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ধারাবাহিকভাবে দেশের প্রবৃদ্ধি সাধনে ভূমিকা রাখছে।
“আমাদের মূল লক্ষ্য ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা ক্যাশলেস অর্থনীতি গঠনে ভূমিকা রাখব এবং স্টেকহোল্ডারদের জন্য উদ্ভাবনী ও নেতৃস্থানীয় বাজার গঠন ব্যবস্থাপনা জোরদার করতে পারব।”
