Published : 13 Aug 2026, 02:22 PM
আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সর্বশেষ বিধিবিধান একীভূত করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত এক বছরে আমদানি সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে জারি করা বিভিন্ন নির্দেশনা একীভূত করে নতুন এই সার্কুলার জারি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে নতুন সার্কুলারটি এক বছরের জন্য কার্যকর থাকবে। একই সঙ্গে আমদানি সংক্রান্ত আগের সব নির্দেশনা বাতিল হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে আমদানি সংক্রান্ত রিপোর্টিংয়ের ছক আগের মতোই থাকবে।
নতুন কাঠামোয় আমদানি বাণিজ্য, অনলাইন রিপোর্টিং, ঋণপত্র (এলসি), অনুমোদিত পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ প্রেরণ, বিল অব এন্ট্রি দাখিল, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, আমদানি দায় পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসি সংক্রান্ত বিধান রাখা হয়েছে।
এ ছাড়া বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে আমদানি-সংক্রান্ত নথি প্রক্রিয়াকরণ, আমদানি পরিশোধে রপ্তানি আয় সংরক্ষণ, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চল এবং স্বর্ণ, রুপা, গহনা ও বৈদেশিক মুদ্রার নোট আমদানি সংক্রান্ত বিধানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশনায় আমদানি লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্ধারিত নিয়মে লেনদেন ও অনলাইন রিপোর্টিং করার বাধ্যবাধকতা রয়েছে।