১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা কার্যকর হবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 07:51 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বৃহস্পতিবার জারি করা এক আদেশে বিইআরসি বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

বর্তমানে প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হচ্ছে। 

বিইআরসি বলছে, দাম সমন্বয়ের ক্ষেত্রে ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেট, জুলাই মাসের অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে। 

এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চারটি তেল বিপণন কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের দাম, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, বিপণন কোম্পানির চার্জ এবং পরিবহন ভাড়া পুননির্ধারণ করে কমিশন। ওই আদেশে তিন মাস পরপর বা প্রয়োজন অনুযায়ী ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়।

এর আগে ৩০ জুন ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম ১ জুলাই থেকে কার্যকর হয়। তার আগে এক দফায় ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়।

বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল অন্যতম জ্বালানি। এর দাম কমায় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কমতে পারে।