২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নভেম্বরে এলপিজির দাম প্রায় অপরিবর্তিত

বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমেছে এক টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 06:09 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

নভেম্বর মাসে মূল্য সমন্বয়ের পর রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত মূল্যে দেখা যায়, বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম অক্টোবর মাসের চেয়ে এক টাকা কমেছে। 

নভেম্বর মাসের জন্য এই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫৫ টাকা, যা আগের মাসে ১৪৫৬ টাকা ছিল।

বিইআরসি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন ঘোষিত দাম কার্যকর হবে। 

এই মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ১২১ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ১২১ টাকা ৩২ পয়সা ছিল। এই মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে।

নভেম্বরে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা। আগের মাসে এই দাম ছিল ৬৬ টাকা ৮৪ পয়সা।

রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের প্রতিকেজির দাম ১১৭ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারিত ছিল।

সৌদি আরমকোর ঘেষিত মূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে অক্টোবর মাসে এলপিজির মিশ্রণ প্রোপেন ও বিউটেনের দাম ছিল প্রতিটন ৬২১ দশমিক ৭৫ ডলার। নভেম্বর মাসের জন্য তা ৬৩১ দশমিক ৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জতিক বাজারে দাম বৃদ্ধির পরও দেশের বাজারে কীভাবে সামান্য কমল জানতে চাইলে বিইআরসির প্রকৌশলী ফজলে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যতগুলো প্যারামিটার নিয়ে কাজ করি তার একটি হচ্ছে শিপিং কস্ট। গত মাসের আমদানি চালন বিশ্লেষণ করে দেখা গেছে, শিপিং কস্ট আগের মাসের তুলনায় প্রতিটনে প্রায় ১১ ডলার করে কমেছে। এর একটা প্রভাব পড়েছে দামে।”