১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি শুরু

এবার এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৩ হাজার ৬০০টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 06:25 PM

Updated : 21 Jun 2023, 06:25 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ বছরের বই কার্যক্রম।

মঙ্গলবার ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ বছরের বই পড়া কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৩ হাজার ৬০০টি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব) শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কে এম সোলায়মান আল মামুন এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমাদের দেখার চোখকে অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে।

“আর সেই দৃষ্টিভঙ্গিকে বড় করা, চোখের সংখ্যা বাড়ানোর উপায় হল বিভিন্ন বিষয়ে বই পড়া। বাংলাদেশকে অনেক বড় হতে হবে, বাংলাদেশের সম্ভাবনাও অনেক, সে সম্ভাবনার পতাকা হচ্ছে তোমাদের হাতে। তোমরা সে পতাকা ধরো। দেখবে- বাংলাদেশ হাজার হাজার আলোকিত চোখের একটা পৃথিবী হবে।”

শেখ মো. মনিরুল বলেন, পড়াশোনা করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। তোমরা আলোকিত মানুষ হলে দেশ বিকশিত হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে বিকাশের এই সম্পৃক্ততা আলোকিত মানুষ গঠনের পথে সংযুক্ত হওয়া। বিকাশের যাত্রায় সবমসয় বইয়ের সাথে সংযুক্ততা রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এ কর্মসূচির আওতায় দেশজুড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন লাখ বই দেওয়া হয়েছে, যা থেকে ৩০ লাখেরও বেশি পাঠক উপকার পেয়েছে।