বাজার বুঝতে নিলামে ডলার বেচল বাংলাদেশ ব্যাংক
বিনিময় হার ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা; গড় ছিল ১২৩ টাকা ২২ পয়সা।
বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও বিনিময় হার কেমন, তা যাচাইয়ে রিজার্ভ থেকে নিলামে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক।
সোমবার ছয়টি ব্যাংক এ ডলার কিনে নেয়।
বাজারে চাহিদা তৈরি হলে বাণিজ্যিক ব্যাংকের কাছে চাহিদা অনুযায়ী, অর্থাৎ ‘কেস-টু কেস’ ভিত্তিতে ডলার বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক।
আগের দিন হওয়া নিলামের তথ্য মঙ্গলবার প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ডলার বিক্রিতে বিনিময় হার ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা। গড় দর ছিল ১২৩ টাকা ২২ পয়সা। এর কাট অফ রেট ছিল ১২২ টাকা ৮০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে ডলারের আদৌ কোনো অতিরিক্ত চাহিদা আছে কিনা, প্রকৃত বিনিময় হার কত হতে পারে, তা দেখে থাকে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে তো একটি দর ব্যাংক দিয়েছে।’’
কেন্দ্রীয় ব্যাংক নিলাম পদ্ধতিতে চলে যাবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরের বিক্রির সময় বাজার বুঝে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।’’
কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু মহল থেকে প্রচার করা হচ্ছিল যে, ব্যাংকে ডলারের সংকট আছে; দর সামনে আরো বাড়বে। এগুলো আসলে গুজব কি না, আসলেই বাড়তি কোনো প্রেশার লুকিয়ে আছে কি না, তা জানতেই নিলাম ডাকা হয়, যেন সব ব্যাংক ডলার কিনতে পারে।’’
তিনি বলেন, “মোট ২ কোটি ডলার বিক্রির জন্য ছাড়া হয়েছিল। সব ব্যাংকে জানানো হয়। কিন্তু মাত্র ছয়টি ব্যাংক ১ কোটি ১৫ লাখ ডলার কেনার প্রস্তাব করে। তাদের সব প্রস্তাব গ্রহণ করা হয়। তারা চাইলে আরো ৮৫ লাখ ডলার নিতে পারত। এতে বোঝা যায় বাজারে ডলার যথেষ্ট আছে, কোনো চাপ নেই।”
সবশেষ নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে গত ১ সেপ্টেম্বর ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তখন কাট অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
