Published : 22 Jul 2026, 05:23 PM
প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর সঙ্গে যুক্ত হয়েছে এনআরবি ব্যাংক।
বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তিপত্রে সই করেন নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে আসা রেমিট্যান্স প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। ফলে দেশের যে কোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
তাছাড়া নগদ ও এনআরবি ব্যাংক মিলে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরো বিভিন্ন সেবা চালুর পরিকল্পনার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বলেন, “আমরা মনে করি এই চুক্তির মাধ্যমে আমাদের সেবার কলেবর আরো বৃদ্ধি করতে পারব। দেশব্যাপী আমাদের ১০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে নগদের তিন লক্ষাধিক এজেন্ট পয়েন্ট থেকেই এনআরবি ব্যাংকের গ্রাহকরা সেবা পেলে সেটি আমাদের সেবার কলেবরকে অনেক প্রসারিত করবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান আহসানুল হক বাশার, এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলী উপস্থিত ছিলেন।