ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার জামিন নামঞ্জুর
দুর্নীতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক নির্বাহী কর্মকর্তা আশফাকুল হাকিম, প্রধান কার্যালয়ের সাবেক এভিপি আইটি ইনচার্জ সাব্বির আহমেদ সিদ্দিকী ও কারওয়ান বাজার শাখার ইভিপি ও সাবেক ব্যবস্থাপক মো. মুক্তাদির বিল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালত।
সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট জগন্নাথ দাস খোকনের আদালতে সোমবার বিকেলে তেজগাঁও থানা পুলিশ ওরিয়েন্টাল ব্যাংকের এই সাবেক তিন কর্মকর্তাকে হাজির করে। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম রোববার একটি দুর্নীতির মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে বেনামি একাউন্টের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ৪০ কোটি টাকা আত্মসাত করেছে।
এ মামলার অপর আসামী ওরিয়েন্টাল ব্যংকের কারওয়ান বাজার ব্যাংক শাখার সাবেক এভিপি ও শাখা ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম খানকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় দুর্নীতি দমন কমিশন এই প্রথম একটি দুর্নীতির মামলা দায়ের করল।
সোমবার আসামীদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে আইনজীবীরা বলেন, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু নামে ও বেনামে ওরিয়েন্টাল ব্যাংকের মোট ৫শ ২৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ মামলার আসামীরা কোনো টাকা আত্মসাত করেনি। তারা গত বছরের অক্টোবর মাসে ব্যাংকের প্রভাবশালী ও অর্থ আত্মসাতকারী মহলের চাপে পড়ে ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন।
এদিকে আসামী মুক্তাদিরের পক্ষে জেলখানায় চিকিৎসা প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করে। আসামী আশফাকুল হাকিমের জামিনের আবেদনের ওপর আরও শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সোমবার কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর ভ্যান কর্ডন করে আসামীদের সিএমএম আদালতে হাজির করা হয়।
