দেশে পর্যাপ্ত মজুদ থাকলেও সার না পেয়ে দিশেহারা কৃষক
সরকারি হিসাবে চলতি রবি মৌসুমের চাহিদা মিটিয়েও মার্চ মাস শেষে গুদামে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন সার উদ্বৃত্ত থাকবে। অথচ মৌসুমের শুরুতেই কৃষকের হাতে সার নেই। এই গুরুত্বপূর্ণ সময়ে মাঠ পর্যায়ে সারের অভাব চাষাবাদকে ঠেলে দিয়েছে হুমকির মুখে। সরকার পরিস্থিতি স্বীকার করে সারের অবৈধ মজুদ ও পাচার হওয়াকে সংকটের কারণ হিসেবে চিহ্নিত করেছে। সংকট মোকাবিলায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও আইন-- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক হয়েছে অবৈধভাবে মজুদ বিপুল পরিমাণ সার।
জানাচ্ছেন অনিকা ফারজানা
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় কিছুদিন আগেও কালোবাজারে সাড়ে চার’শ থেকে ৫০০ টাকায় সার বিক্রি হলেও এখন এই দামেও তা মিলছে না। জানা গেছে, এই দুই উপজেলায় ২১ জন ডিলারের প্রত্যেকের কাছে ৪২ মেট্রিক টন করে মোট ৮৮২ মেট্টিক টন ইউরিয়া সার জানুয়ারি মাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
ওই সার জামালপুরের যমুনা সার কারখানা থেকে উত্তোলন করার কথা ডিলারদের। কিন্তু শুক্রবার পর্যন্ত রৌমারী উপজেলায় শুধু মতি এন্টারপ্রাইজের কাছে ২৪ মেট্টিক টন ও মোল্লা ট্রেডার্স এর ৪২ মেট্টিক টন সার পৌঁছালেও এখনও বিক্রি শুরু হয়নি।
রৌমারীর ইউএনও আহাম্মদ কবির জানান, মতি এন্টারপ্রাইজের সারের একটি ট্রাক জামালপুরের এডিসি আটক করেছেন। এই জটিলতার কারণে এখনও বিক্রি শুরু করা যায়নি। উপজেলায় সার সংকট মোকাবিলায় সেনাবাহিনীর কোন তৎপরতা শুরু হয়নি বলে তিনি জানান।
অন্যদিকে রাজীবপুর উপজেলার ১০ জন ডিলারের মধ্যে শুধু ভাই ভাই এন্টারপ্রাইজের ৩৬ মেট্টিক টন সার মঙ্গলবার লাইনে দাঁড়ানো কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। এরপর শুক্রবার পর্যন্ত ওই উপজেলার ডিলারদের কাছে আর ইউরিয়া ছিল না। রৌমারী উপজেলার আয়নার (৪৫), জনাব আলী (৬৫), আইযুব (৪৭) সহ কয়েকজন কৃষক জানান, তিনদিন ঘুরেও তারা এক বস্তা ইউরিয়া সার জোগাড় করতে পারেননি।
এ ছিল কেবলমাত্র কুড়িগ্রামের কয়েকটি ঘটনা। দেশের বিভিন্ন স্থান থেকেও আমাদের প্রতিনিধিরা প্রায় একইরকম তথ্য জানিয়েছেন। চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অথচ সরকারি কর্তৃপক্ষ বলছে, দেশে সারের মজুত পর্যাপ্ত।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) হিসাব অনুযায়ী, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা বর্তমানে প্রায় ৩০ লাখ টন। একইসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রতি বছর ফসলি জমির উর্বরতা কমে যাওয়ায় সারের চাহিদা বছরে এক লাখ টন করে বাড়ছে।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন জানান, সরকারি হিসেবে এ পর্যন্ত যমুনা সার কারখানায় প্রায় ৫ লাখ টনসহ সারা দেশে মোট ১৭ লাখ টন ইউরিয়া উৎপাদিত হয়েছে। এ ছাড়া আমদানি করা হয়েছে ১২ লাখ টন ইউরিয়া। সব মিলিয়ে দেশে এখন সারের মজুদ ২৯ লাখ টন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জানায়, বর্তমানে মোট চাহিদার অর্ধেক ইউরিয়া সার বিভিন্ন জেলায় পৌঁছেছে। বাকি ৫০ ভাগও খুব শিগগিরই বিভিন্ন জেলায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তারা।
নাম না প্রকাশ করার শর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, “ডিলারদের চাহিদা অনুযায়ী এবার প্রতি জেলায় সার সরবরাহ করা হয়েছে। কিন্তু তাদের একটি চক্র সার গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করেছে। ওই একই চক্র পরে গুদামজাত সার চড়া দামে কালোবাজারে বিক্রি করছে।”
তিনি বলেন, “তাছাড়া ঈদের ছুটি, অবরোধ সব মিলিয়ে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ লুফে নিয়ে একটা শ্রেণী দেশজুড়ে এই সংকটের সৃষ্টি করেছে।”
কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. শহীদুল ইসলাম জানান, দেশে উৎপাদিত ইউরিয়ার গুণগত মান ভাল হওয়ায় প্রতি বছরই এই সার প্রতিবেশি দেশে কমবেশি পাচার হয়।
তিনি আরও জানান, ইউরিয়া সারের উৎপাদন ব্যয় কেজি প্রতি ১৫/১৭ টাকা। বাজার মুল্য ২০/২১ টাকা। তবে কৃষি ক্ষেত্রে ভর্তুকি প্রকল্পের আওতায় ইউরিয়ার কেজিপ্রতি বাজার মূল্য ৬/৭ টাকা। অন্যদিকে মিয়ানমারসহ ভারতে এর দাম কেজিপ্রতি ৩২/৩৫ টাকা।
বিশেষ করে দামের এই বিস্তর ব্যবধান পাচারকারিদের উৎসাহিত করছে বলে তিনি মনে করেন।
নাম প্রকাশ করার না শর্তে বিসিআইসির অপর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এ সার পাচারের সঙ্গে জড়িত।
নফহবংি২৪.পড়স--এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, প্রশাসন থেকে ডিলারদের সরবরাহ করা সার প্রকৃত কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি হলেও সারের পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। বেশিদাম দিয়েও প্রয়োজন মতো সার কিনতে না পারায় বোরো মৌসুমে আবাদ এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন) আবদুল বারী বলেন, “সরকার পুরো বিষয়ে ওয়াকিবহাল। সংকট মোকাবিলায় এরইমধ্যে সেনাবাহিনী মোতায়েন করাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।”
প্রতিনিধিরা জানিয়েছেন, সংকট মোকাবিলায় বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানো শুরু হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সার বিতরণে গত ১৩ জানুয়ারি থেকে সেনাবাহিনী সহায়তা করলেও আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে সহায়তার কাজ শুরু করছে শনিবার থেকে। এরই মধ্যে বিভিন্ন স্থানে ধরা পড়তে শুরু করেছে অবৈধভাবে মজুত করা সার।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়া উপজেলার বাউসিয়া ঘাট থেকে পুলিশ বুধবার রাত ১০টার দিকে ৩৪ হাজার ৫০০ ব্যাগ ইউরিয়া সার বোঝাই তিনটি কার্গো আটক করে। কার্গোগুলোর নাম মদিনা, ডেফোডিল ও পুরবী এক্সপ্রেস।
পুলিশ জানায়, চট্টগ্রাম বিআইডিসির গুদাম থেকে আসা এই কার্গো তিনটি মুন্সিগঞ্জের মীরকাদিম, কুমিল্লার দাউদকান্দি ও কিশোরগঞ্জে যাওয়ার কথা থাকলেও বুধবার রাত প্রায় ১০টার দিকে কার্গোগুলো বাউসিয়া ঘাটে নোঙর করে। বৃহস্পতিবার গভীর রাতে শ্রমিকরা সারের বস্তা নামানো শুরু করে। কিন্তু সেইস্থানে কোন গুদাম না থাকায় পুলিশের সন্দেহ হয়। উপযুক্ত কাগজপত্র দেখতে চাইলে শ্রমিকরা তা দেখাতে ব্যর্থ হলে পুলিশ সারসহ ভর্তি কার্গো তিনটি আটক করে।
সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট থেকেও বুধবার থেকে সরবরাহ শুরু হয়েছে অবৈধভাবে মজুত রাখা ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। বিভিন্ন স্থানে কালোবাজারে বিক্রির সময় ডিলারদের গ্রেপ্তারের ঘটনায় কর্তৃপক্ষ আশা করছেন, অচিরেই সার সংকট কেটে যাবে।
শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীও বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স এর কাছে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, কারখানাগুলোকে সার সরবরাহ অব্যাহত রাখা এবং সার পাচার বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনে ২৪ ঘন্টা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
