২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের দাম কম বলে শ্রমিকের সুবিধাও কম: সিপিডি

বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ উন্নত না হওয়ার জন্য বিদেশি ক্রেতাদের কম দাম দেওয়াকে চিহ্নিত করেছে সিপিডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে বিদেশিদের অসন্তোষের মধ্যে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই কারণ দেখিয়েছে গবেষণা সংস্থাটি।

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশকারী দেশগুলোকে পোশাকের দাম বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আহ্বান জানিয়ে আসছেন।

মূলত সস্তা শ্রমের উপর ভিত্তি করে তিন যুগ আগে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটার পর এখন রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

প্রায় ৪০ লাখ শ্রমিকের হাতে গড়া পোশাক রপ্তানি করে বাংলাদেশের আয় আড়াই হাজার কোটি ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।

রানা প্লাজা ধস এবং তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চরমে উঠে।

এর পরিপ্রেক্ষিতে কারখানাগুলোর ‘কমপ্লায়েন্স’ নিয়ে সরকার কাজ শুরু করেছে, তাতে সহায়তা দিচ্ছে আমেরিকা ও ইউরোপের ক্রেতাদেশগুলো।  

এর মধ্যেই রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প : কমপ্লায়েন্সের জন্য মার্জিন গুরুত্ব বহন করে?’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করল সিপিডি, যাতে বিদেশি ক্রেতাদের দায়িত্বের বিষয়টি ফুটে উঠল।

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “অন্যান্য প্রতিবেশী দেশের তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি যে, বাংলাদেশের উদ্যোক্তারা তাদের পণ্য উৎপাদনের জন্য সবচেয়ে কম মূল্যমান পেয়ে থাকেন। আর তা থেকে তারা সবচেয়ে কম ব্যয় করেন কমপ্লায়েন্সের জন্য।”

কমপ্লায়েন্স বাস্তবায়নের সঙ্গে উদ্যোক্তাদের পণ্য তৈরিতে পাওয়া মূল্যমানের কোনো সম্পর্ক আছে কি না, গবেষণায় তা দেখার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

“আমরা দেখাতে চেয়েছি যেভাবে আমাদের উদ্যোক্তাদের ক্রেতাদের সঙ্গে নেগোশিয়েট করে মূল্য নির্ধারণ করতে হয়, সেটির কারণে অনেক সময় কমপ্লায়েন্সের জন্য তাদের যে ব্যয়, তারা সেটি করতে পারেন না।”

এই কথাটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বারবারই বলে আসছেন।

গত ৬ অগাস্ট চট্টগ্রামে ‘বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড সেফটি এক্সপোর’ উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক শিল্পের বিকাশের ক্ষেত্রে ক্রেতাদের পণ্যের মূল্য বৃদ্ধি না করাকে অন্তরায় হিসেবে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Image
এই শ্রমিকদের হাতেই ঘুরছে বাংলাদেশের অর্থনীতির চাকা

এই শ্রমিকদের হাতেই ঘুরছে বাংলাদেশের অর্থনীতির চাকা

এর আগে প্রধানমন্ত্রীও বিদেশি ক্রেতাদের উদ্দেশে বলেন, “আপনারা পণ্যের দাম বাড়ান। তাহলে আমাদের শ্রমিক ভাই-বোনেরা আরও স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকারী হবেন।”

সিপিডি গবেষক মোয়াজ্জেম বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, উদ্যোক্তাদের জন্য কমপ্লায়েন্সে বাড়তি ব্যায় করা খুব কঠিন। কমপ্লায়েন্সের জন্য ব্যয় করে তারা তাদের প্রতিযোগিতা ধরে রাখতে পারবেন না।

“এর জন্য আমাদের একটি প্রস্তাবনা ছিল, যে মার্জিন বায়াররা পাচ্ছেন সেখান থেকে কোনোভাবে কিছুটা কমপ্লায়েন্সের জন্য শেয়ার করা যায় কি না। তবে যেহেতু এটি একটি কমপিটিটিভ সিস্টেম এখানে জোর করে কিছু করবার সুযোগ নেই।”

রেসপনসিবিলিটি শেয়ার করার একটি সুযোগ এখানে আছে বলে গবেষণায় দেখা গেছে বলে জানান মোয়াজ্জেম।

এর পাশাপাশি সরকারের রেগুলেটরি সিস্টেমের উন্নয়ন ও বাজারের দুর্বলতা দুর করার পেছনে জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।

সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্, ওপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বক্তব্য রাখেন।