০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংক: এবার এসআইবিএল থেকে সরল প্রশাসক

এক সপ্তাহ আগে প্রথম এক্সিম ব্যাংক থেকে প্রশাসক তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 09:26 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক থেকে প্রশাসকদের তুলে নেওয়ার প্রক্রিয়ায় এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক সরানো হল।

বৃহস্পতিবার এসআইবিএল থেকে প্রশাসক ও তার চার সদস্যর দলকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে পেল নবগঠিত রাষ্ট্রায়ত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ‍ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে অস্থায়ী প্রশাসক দিয়েছিল। এখন তাদের দায়িত্ব শেষ হওয়ায় এসআইবিএল থেকে তুলে নিয়েছে।’’

এক সপ্তাহ আগে ৩০ জুলাই প্রথম এক্সিম ব্যাংক থেকে প্রশাসক তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

তার আগের দিন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআইবিএলে নিযুক্ত অস্থায়ী প্রশাসকের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বাসারকে প্রত্যাহার করা হল।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও আবুল বাসারকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

রোববার থেকে আবুল বাসার ও তার চার সদস্যের দল বাংলাদেশ ব্যাংকে ফিরে আগের দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে গত ২০ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে নীতিগত সিদ্ধান্ত হয় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরো দায়িত্ব চলে যাবে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণে।

চলতি অগাস্ট মাসের মধ্যে পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ব্যাংক।

৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা নতুন এই ব্যাংককে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করতে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।

সেদিনই এসআইবিএলসহ অন্য চার ব্যাংকে প্রশাসক ও তার নেতৃত্বে একটি দলকে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এরপর ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ব ব্যাংক হিসেবে শরীয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইন্সে দেওয়া হয়।

প্রায় নয় মাস পরে প্রশাসক তুলে নেওয়ার কার্যক্রম বাস্তবায়নে যায় কেন্দ্রীয় ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে আরো এক ধাপ এগোলো কেন্দ্রীয় ব্যাংক।

পাঁচ ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়ার পরবর্তী পদক্ষেপ হবে পাঁচ ব্যাংকের আইটি বিভাগকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে ব্যাংকিং কার্যক্রম চালানো। এখনো পাঁচ ব্যাংকই নিজ নিজ নামে কার্যক্রম পরিচালনা করছে।

পুরোনো খবর:

সম্মিলিত ব্যাংক: এক্সিম দিয়ে শুরু হল ৫ ব্যাংকের প্রশাসক সরানোর উদ্যোগ

সম্মিলিত ব্যাংক: পাঁচ ব্যাংক থেকে একে একে তুলে নেওয়া হবে প্রশাসক