১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হল প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংক তাদের শাখা নেটওয়ার্কের মাধ্যমে শস্য ও ফসল উৎপাদন, পল্লী আয়-উৎসারী কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি কেনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 09:40 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ অর্থায়ন করা হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত তহবিলের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।

প্রিমিয়ার ব্যাংক তাদের শাখা নেটওয়ার্কের মাধ্যমে শস্য ও ফসল উৎপাদন, পল্লী আয়-উৎসারী কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি কেনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংক গত জুনে কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করে। স্কিমটির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ দেওয়ার কথা রয়েছে।