২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জুলাই মাসে এলপিজির দাম প্রায় অপরিবর্তিত

প্রতিকেজি এলপিজির দাম ৩১ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৮৬ পয়সা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 04:26 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকায় জুলাই মাসের জন্য এলপিজির দাম জুন মাসের চেয়ে খুব বেশি পাল্টাচ্ছে না। 

জুন মাসের মত জুলাই মাসেও এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৫৭০ দশমিক ২৫ ডলার নির্ধারণ করেছে সৌদি আরামকো। তবে টাকার কিছুটা অবমূল্যায়ন বিবেচনা করে দেশের বাজারে প্রতিকেজি এলপিজির দাম আগের ১১৩ টাকা ৫৫ পয়সা থেকে ৩১ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৮৬ পয়সা ঠিক করা হয়েছে।

মঙ্গলবার জুলাই মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।

সেখানে দেখা যায়, জুলাই মাসে সাড়ে পাঁচ কেজি এলপিজি সিলিন্ডার ৬২৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬২৫ টাকা। 

১২ কেজির এলপিজির সিলিন্ডার ১৩৬৬ টাকা হয়েছে, যা আগে ১৩৬৩ টাকা ছিল। 

১৫ কেজির সিলিন্ডার ১৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১০৭ টাকা ছিল। 

একইভাবে ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি এবং ৪৫ কেজি এলপিজি বোতলের দাম ঠিক করা হয়েছে।

বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম প্রতিকেজি ১১০ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ১০৯ টাকা ৭২ পয়সা ছিল। 

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ৬২ টাকা ৫৩ পয়সা। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।