অ্যাপেক্স ফুটওয়্যারের কারখানা দেখতে সফিপুরে ইইউ প্রতিনিধি দল
“এই সফর ইউরোপ ও বাংলাদেশের শিল্প খাতের দৃঢ় সম্পর্কের প্রতিফলন,” বলেন মাইকেল মিলার।
গাজীপুরের সফিপুরে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল।
বাংলাদেশের জুতা ও চামড়া শিল্পের অগ্রগতি দেখতে তারা এই পরিদর্শনে যান বলে অ্যাপেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। অন্যদের মধ্যে জার্মানির রাষ্ট্রদূত র্যুডিগার লোটৎস এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোও ছিলেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, এই সফর ইউরোপ ও বাংলাদেশের শিল্প খাতের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন।
প্রতিনিধিদলের সদস্যরা অ্যাপেক্সের ট্যানারি ইউনিট পরিদর্শন করেন। তারা জুতা উৎপাদনের বিভিন্ন ধাপের কাজ ঘুরে ঘুরে দেখন।
উৎপাদন প্রক্রিয়ায় ইউরোপের প্রযুক্তি ও দক্ষতার ব্যবহারে প্রতিনিধিদলের ‘বিশেষ আগ্রহ’ ছিল বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
প্রতিনিধিদলকে স্বাগত জানান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
তিনি বলেন, “ইউরোপীয় অংশীদারদের জন্য দরজা খুলে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। এই সফর আমাদের প্রতি ইউরোপের আস্থার প্রতিফলন, এবং আমরা সেই আস্থা ধরে রাখতে বদ্ধপরিকর।“
গত সপ্তাহের এই পরিদর্শন সমন্বয় করেন ওএসএইচই ফাউন্ডেশনের প্রকল্প প্রধান আলম হোসেন।
এ সময় অ্যাপেক্স ফুটওয়্যারের মহাব্যবস্থাপক (আন্তর্জাতিক বাজার বিভাগ) মো. নাসরুল্লাহও উপস্থিত ছিলেন।
