প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাটার গ্লোবাল সিইও
বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক সম্ভাবনা’, পাদুকা শিল্পের বিকাশ ও এ খাতে বাটার ভূমিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পানোস মাইটারোস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বহুজাতিক প্রতিষ্ঠান বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস।
এসময় বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বাটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক সম্ভাবনা’, ফুটওয়্যার শিল্পের বিকাশ ও এই খাতে বাটার ভূমিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পানোস মাইটারোস।
পাশাপাশি তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে উৎসাহিত করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির।
