Published : 09 Dec 2025, 01:58 AM
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কমিটি নির্বাচিত হয়েছে; যাতে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে বর্তমান দায়িত্বে থাকাদের শুধু একজন রয়েছেন।
নতুন কমিটিতে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বর্তমান পর্ষদের পাঁচজন নির্বাচিত হয়েছেন বলে সংগঠনের ঘোষিত ফলাফলে দেখা যায়।
দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা পরিচালনা করা বাংলাদেশ ও ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এ সংগঠনে এবার নেতৃত্বে এসেছেন রহমান শিপিং লাইনসের কর্ণধার মশিউর রহমান।
সহসভাপতি হিসেবে তিনি সঙ্গে পেয়েছেন কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস) লিমিটেডের মেহেরুন নেসা ইসলাম এবং বর্তমান কমিটির পরিচালক টরেসিড বাংলাদেশ লিমিটেডের অমিত কুমার তিওয়ারিকে।
চেম্বারের ২৪ সদস্যের পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হন। এ নির্বাচনের জন্য ১১ সেপ্টেম্বর তফশিল ঘোষণা করা হয়।
নতুন সভাপতি মশিউর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল মটরসের আব্দুল মাতলুব আহমাদের স্থলাভিষিক্ত হবেন।
নবনির্বাচিত সভাপতি মশিউর ২০১৯ সালের কমিটিতেও পরিচালক ছিলেন। ওই কমিটিতে মেহেরুন নেসা ইসলাম এবং নতুন কমিটিতে পরিচালক হওয়া মাওলানা ইয়াকুব শরাফতীও পরিচালকের দায়িত্ব পালন করেন।
বর্তমান পর্ষদের ছয়জন নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি এবং ভারতের পাঁচজন নতুন মেয়াদেও দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে রানার গ্রুপের পরিচালক ও বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দ্বীন নতুন কমিটিতেও পরিচালক হিসেবে আছেন।
রীতি অনুযায়ী ২৪ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ১২ জন বাংলাদেশি ও ১২ জন ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকেন। বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে একমাত্র মোহাম্মদ আলী দ্বীনই রয়েছেন।
সংগঠনের নেতারা বলছেন, বর্তমান কমিটিতে থাকা বাংলাদেশের ব্যবসায়ীদের সবাই পরপর আগের দুই কমিটিতে দায়িত্ব পালন করায় এবার তাদের নির্বাচন করার সুযোগ ছিল না।
চেম্বার ও অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এ নতুন নিয়ম চালু করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন নবনির্বাচিত পরিচালক ইয়াকুব শরাফতী।
নতুন কমিটিতে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অমিত কুমার এবার ভাইস চেয়ারম্যান হয়েছেন, যিনি বর্তমান কমিটির পরিচালক।
বর্তমান কমিটির পরিচালক সুমিত গোস্বামী (এক্সিস ব্যাংক) এবার সেক্রেটারি জেনারেলের দায়িত্বে এসেছেন। বর্তমান সেক্রেটারি জেনারেল অমিত কুমার (কান্ট্রি হেড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া) এ কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন।
আর বর্তমান কমিটির দুই পরিচালক লারসেন অ্যান্ড টারবো লিমিটেডের সুব্রত দত্ত গুপ্ত ও ভেনক্রিস এনার্জি লিমিটেডের মুলে ভেঙ্কটারত্ন রেড্ডি আবারও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন অন্য পরিচালকরা হলেন- এয়ার টাচ লিমিটেডের মাওলানা ইয়াকুব শরাফতী, এ আর খান পাঠান সিএনজি ফিলিং স্টেশনের হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন, আয়ান ইন্টারন্যাশনালের আখতারুল ইসলাম রিমন, আদম ইন্টারন্যাশনালের মোহাম্মদ শরফুদ্দিন আলী, ইসলাম অ্যান্ড সন্সের হাবিব হাসান তালুকদার, ডা. লাল পাথ ল্যাবস বাংলাদেশের দেলোয়ার হোসেন, ডিএসএম কমোডিটিসের দীপক কুমার বড়াল, সেফ সি বাংলাদেশের এটিএম আলতাফ হোসেন লোটাস, উইকিটেক্স-বিডির একেএম সাইফুর রহমান, মাশরুবা মেডিকেল টেকনোলজিসের মনসুর আহমেদ, বায়োফার্মার ডা. লোকিয়াত উল্লাহ, আরআর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালসের মাহবুব হোসেন মিরধা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সৌরভ বিশ্বাস ও টাটা মোটরসের রাহুল কাম্বোজ।
আগামী ৩০ ডিসেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে জানিয়ে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘নিয়ম অনুসরণ করে ভোটার তালিকা প্রণয়ন ও তফসিল ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।
‘‘গঠনতন্ত্র সংশোধন হওয়ায় এক পদে পরপর দুইবারের বেশি দায়িত্ব পালন করার সুযোগ নেই। এ কারণে পুরনো অনেকেই নতুন কমিটিতে আসতে পারেননি।’’
এবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন শামসুল আলম, সদস্য হিসেবে ছিলেন আব্দুল মান্নাফ ও কোহিনুর ইসলাম।