Published : 18 Dec 2023, 07:57 PM
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) গ্রাহকরাও ‘অ্যাড মানি’ সেবা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এ নিয়ে দেশের ৪৫টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ভিসা ও মাস্টারকার্ড থেকে টাকা আনতে ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।
বিকাশে টাকা আনতে প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েব পোর্টাল ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।
অন্যদিকে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন হতে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগোতে ট্যাপ করে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর টাকার পরিমাণ উল্লেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।
লেনদেন সম্পন্ন হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস নোটিফিকেশন পাবেন। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বিকাশে ‘অ্যাড মানি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।