১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন আরেকটি মেট্রোরেল হচ্ছে, এমআরটি ১ ও ৫ এর ব্যয় বাড়ছে দ্বিগুণ

নতুন মেট্রোরেল হবে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ এর সাউদার্ন রুটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 10:51 PM

Updated : 16 Sep 2026, 10:51 PM

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রোরেল ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন-১ প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় বাড়ানো হচ্ছে ১১৭ দশমিক ৬৪ শতাংশ।

একই সঙ্গে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধনীতে ১১৭ দশমিক ৮৭ শতাংশ ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

পাশাপাশি ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে আরও একটি নতুন মেট্রোরেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার, যা বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সায় পেয়েছে।

এটি হবে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ এর সাউদার্ন রুট। প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে বাস্তবায়ন করা হবে বলে বৈঠক শেষে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

পুরনো দুই প্রকল্পে ব্যয় বাড়ার কারণ হিসেবে তিনি জাপানের ঋণের সুদহার বেড়ে যাওয়া ও চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে খরচ বাড়ার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এদিন একনেক সভায় এ তিন প্রকল্পসহ ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলোর অনুমোদিত সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা।

বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে বিফ্রিংয়ে আসেন।