আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
এর জন্য সরকারের খরচ হবে ১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি।
জ্বালানি সংকটের মধ্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওই সভায় সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে এ জ্বালানি কেনা হবে। এর জন্য সরকারের খরচ হবে ১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি।
গ্যাস সংকট মোকাবেলায় গত ৮ অগাস্ট আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। পরদিনই আরও এক কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত হয়।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হলে গ্যাস সংকট আরও বেড়ে যায়।
গত ২১ জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর কারিগরি ত্রুটি দেখা দেয়। টার্মিনালটি বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যায়।
সমুদ্রপথে আনা এলএনজি গ্রহণ ও সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে। পরে সেটি আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় জাতীয় গ্রিডে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে।
আগুনে একটি টার্মিনালের বিদ্যুৎ, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভিন্ন যন্ত্রের তথ্য বহনকারী তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই সপ্তাহ সেখানে কাজ বন্ধ রাখা হয়। প্রয়োজনীয় মেরামত সেরে টার্মিনালের একটি ইউনিটের বয়লার চালু করার পর এক্সিলারেট এনার্জির ওই টার্মিনাল থেকে সীমিত পরিমাণে আবার গ্যাস সরবরাহ শুরু হয়।
গত ১৫ অগাস্ট পেট্রোবাংলা জানায়, ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ ২৬ শতাংশ বেড়েছে। যদিও সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি এখনও অনেক বেশি।
