১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৪৯ টাকা

মে মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা ৮ পয়সা; যা আগের মাসে ১২০ টাকা ১৮ পয়সা ছিল।

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৪৯ টাকা
ছবি: মোস্তাফিজুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে মে মাসের জন্য এলপিজির দাম কেজিতে ৪ টাকা ১০ পয়সা করে কমানো হয়েছে।

সেই হিসাবে বহু ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে একজন গ্রাহকের ৪৯ টাকা সাশ্রয় হবে।

বৃহস্পতিবার মে মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে।

মে মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা ৮ পয়সা; যা আগের মাসে ১২০ টাকা ১৮ পয়সা ছিল। 

মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৩৯৩ টাকা যা এপ্রিল মাসে ১৪৪২ টাকা ছিল।

বিইআরসির বিজ্ঞপ্তিতে দেখা যায়, সৌদি আরামকো মে মাসের জন্য এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ঠিক করেছে প্রতি টন ৫৮৩ দশমিক ২৫ ডলার, যা আগের মাসে ছিল ৬১৮ দশমিক ২৫ ডলার। বিশ্ববাজারে কাঁচামালের দাম কমেছে প্রতি টনে ৩৫ ডলার।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা আগের মাসে ৬৬ টাকা ২১ পয়সা ছিল। 

আর রেটিকুলেটেড পদ্ধতিতে বিপণন হওয়া গ্যাসের দাম হবে তরল অবস্থায় প্রতিকেজি ১১২ টাকা ২৫ পয়সা, যা আগের মাসে ১১৬ টাকা ৩৬ পয়সা ছিল।