Published : 26 Dec 2025, 09:49 PM
পৌষের মাঝামাঝিতে জেঁকে বসা শীতের মত শীতকালীন সবিজও দখল করে ফেলেছে বাজার; আর এখন যে দামে এসব সবজি মিলছে, তাতে খুশি ক্রেতারাও।
রাজধানীর শনিরআখড়া, যাত্রাবাড়ী, সেগুনবাগিচা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, জাত আর মানভেদে শীতকালীন সবজির দাম ২০ টাকা থেকে শুরু করে ৬০ টাকার মধ্যে চলে এসেছে। তরি-তরকারির দাম নিয়ে ‘হা-হুতাশ নেই’ বাজারে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সেগুনবাগিচায় সবজি কিনতে আসা গৃহিণী নুরুন নাহার বলছিলেন, “এখন সবজি খেয়ে একটু শান্তি আছে। হরেক পদের তরকারি ও ভর্তা করা যায়।’’
দরদাম নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন যা আছে-সম্ভবত ৬০ টাকারগুলো ছাড়া আর কমবে না। দাম তো কিছুটা কমে আবার বাড়ে, তাই তো দেখে আসছি।
“আমার কাছে ভালো লাগার বিষয়টি হল, মন চাইলে আপনি অনেক পদের সবজি কিনতে পারছেন। আপনার কাছে অপশন (সুযোগ) বেশি। শীতকাল গেলে তো এই অপশন থাকবে না।”
বাজারে নতুন আলু আসার দুই সপ্তাহের ব্যবধানে দাম পড়ে গেছে। এখন ১০০ টাকায় মিলছে পাঁচ কেজি নতুন আলু।
আলুর এই দামের কথা তুলে ধরে সেগুনবাগিচায় বাজার করতে আসা সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বললেন, “এইবার আর কত নামবে (দাম)।’’
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিম তো ৩০ টাকা কেজি (প্রকারভেদে)। একটা বড় সাইজের ফুলকপি নিলাম ২০ টাকায়।”
পুরোদমে সরবরাহ থাকায় ঢাকার বাজারে হাতের নাগালে চলে এসেছে শীত মৌসুমের নানা জাতের সবজির দাম। সর্বোচ্চ ৬০ টাকা ও সর্বনিম্ন ২০ টাকা কেজি দরে মিলছে সবজি।
নতুন আলু সাধারণত ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয় মৌসুমের শুরুর দিকে। গত বছর এক মাসের মত ১৫০ টাকা দরে বিক্রি হয় এ আলু। পরবর্তীতে সরবরাহ বেড়ে গেলে দাম পড়ে যায়। উৎপাদন বেশি হওয়ায় এবার পুরনো আলুও বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়।

শুক্রবার বাজারে নতুন আলু ২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। তবে সেগুলোর আকারভেদে আবার ১০০ টাকায় ৭-৮ কেজিও মিলছে কিছু দোকানে।
গত সপ্তাহের শুক্রবার যে টমেটো ১০০-১২০ টাকায় বিক্রি হয়েছে, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
যাত্রাবাড়ীর কাজলা বৌ বাজারে এক কেজি দেশি টমেটো ৮০ টাকায় কিনছিলেন গৃহিণী শাহিনুর বেগম। তিনি বলেন, “গত সপ্তাহে দাম বেশি ছিল, কিনি নাই। এটার দাম তো বাড়ার কথা না।
“আজকে (শুক্রবার) ৮০ টাকা দেওয়ায় টমেটো কিনলাম। বেগুনের সবজিতে একটু দিব, কিছু সালাদের জন্য নিলাম।’’
যাত্রাবাড়ীর কাজলা বৌ বাজারে গোলাকার বেগুন ৬০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা ও চিকন বেগুন ৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন দোকানি ছালেহা খাতুন। আগের সপ্তাহে গোলাকার বেগুন ৭০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা ও চিকন বেগুন ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ভর্তার জন্য কিছুটা চ্যাপ্টা ও চওড়া কোঁকড়ানো শিম বাজারে পরিচিত ‘পাতা শিম’ নামে। যাত্রাবাড়ীর কাঁচাবাজারে এই শিম বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, এ জাতের শিম এবারই প্রথমে বাজারে উঠেছে।
অপরদিকে ‘নলডাঙা শিম’ নামে পরিচিত বিচিযুক্ত সরু ও লম্বাটে শিম মহাখালী কাঁচাবাজারে ৬০ টাকা দরে বিক্রির কথা বলছেন বিক্রেতার শরিফুল ইসলাম।
এ দুই জাতের শিমের কারণে আগে থেকে বাজারে থাকা বিচিওয়ালা শিমের দাম ৮০ টাকা থেকে ৫০ টাকায় নেমেছে। আর বিচি ছাড়া শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।
সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা সেলিম মিয়া বলেন, দুপুরের পর ২০ টাকা দরেও বিক্রি করতে হয়েছে বিচি ছাড়া শিম।
শনির আখড়া কাঁচাবাজারে আগের দরে পটল ৬০ টাকা কেজি, করল্লা ৮০ টাকা, ফুলকপি একটি ২০ টাকা, পেঁয়াজ পাতা ১০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ২০ টাকা কমে প্রতি কেজি ৬০ টাকা, আগের দরে বরবটি ৮০ টাকা ও শালগম ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আগের সপ্তাহের দরে শুক্রবার গাজর ৪০ টাকা কেজি ও পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে মহাখালী কাঁচাবাজারে।

নতুন পেঁয়াজ ৫০-৬০ টাকা
নতুন দেশি পেঁয়াজ শুক্রবার মহাখালী কাঁচাবাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন দোকানি আওলাদ হোসেন।
তবে মগবাজারের মীরবাগ কাঁচাবাজারে দেশি নতুন পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর ভ্রাম্যমাণ দোকানগুলোতে ৫০ টাকাতেও বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ।
মহাখালী কাঁচাবাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়, তবে গত সপ্তাহে এ পেঁয়াজ বিক্রি হয় ১৩০ টাকায়। আর এ বাজারে আমদানি করা পেঁয়াজ গত সপ্তাহে ১০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
নতুন পেঁয়াজ ও আমদানি করা পেঁয়াজের রঙ অনেকটা একইরকম হওয়ায় বিক্রেতারা মিশিয়ে বিক্রি করছেন বলেন অভিযোগ তুললেন সেগুনবাগিচায় সবজি কিনতে আসা গৃহিণী নুরুন নাহার। বললেন, সে কারণে নতুন কোনো পেঁয়াজই কিনছেন না তিনি।
শুক্রবার টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় ৬০ টাকা থেক সর্বোচ্চ ১৪০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে যা ছিল ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি। অপরদিকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় আগের সপ্তাহের দরে, ১০০-১১০ টাকায়।

ডিমেও স্বস্তি
শীতে ডিমের দাম কমে প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে মহাখালী কাঁচাবাজারে। তবে খুচরায় এক হালি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
শুক্রবার পাইকারি বাজারে এক ডজন ডিম ১০৫ টাকায় বিক্রি করার তথ্য দিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতা মোহাম্মদ হাশেম।
শীতের সবজি আর ডিমে দাম কমলেও মাছের বাজারে দামের হেরফের নেই তেমন।
শুক্রবার যাত্রাবাড়ীতে প্রতি কেজি রুই মাছ আগের সপ্তাহের ৩১০ টাকা দরে, তেলাপিয়া ২১০ টাকা থেকে ২২০ টাকা, পাঙাশ ১৮০ টাকা ও বড় আকারের পাবদা ৪০০ টাকা কেজিতে বিক্রির কথা বলেছেন বিক্রেতা তৈয়ব আলী।
আর কয়েক সপ্তাহ ধরেই এ বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।