রাষ্ট্রপতির প্রেস সচিব পদে জয়নাল আরও ৬ মাস
তথ্য কর্মকর্তা থাকাকালে ২০১৫ সালের ১৫ জুন প্রেষণে রাষ্ট্রপতি প্রেস সচিব হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন জয়নাল; ২০১৯ সালে পান পুনঃনিয়োগ।
রাষ্ট্রপতির প্রেস সচিব পদে মো. জয়নাল আবেদীন আরও ছয় মাস দায়িত্ব পালন করবেন।
তিন বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে ওই দায়িত্ব পালন করছিলেন তিনি; বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্ব নেওয়ার দুই বছর পর ২০১৫ সালে বঙ্গভবনে দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রেখে দেন আবদুল হামিদ।
বর্তমান চুক্তির ধারাবাহিকতায় জয়নাল আবেদীন ১১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস এই দায়িত্বে থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকুরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীন দীর্ঘদিন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তখন সংসদের স্পিকার ছিলেন।
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা থাকাকালে ২০১৫ সালের ১৫ জুন প্রেষণে তিনি রাষ্ট্রপতি প্রেস সচিব পদে নিয়োগ পান।
