০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইব্রাহিম কার্ডিয়াকের করা মামলা তুলে নেওয়ার দাবি বিএইচআরএফের

“বিএমডিসিতে দায়ের করা অভিযোগ তুলে ধরেছেন সাংবাদিকরা; এখানে সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কোনো মতামত নেই।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:27 PM

Updated : 24 Aug 2023, 09:14 PM

বেসরকারি নাগরিক টেলিভিশনের প্রতিবেদক আনোয়ার হোসেনসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করা মামলা প্রত্যাহারের দাবি তুলেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম-বিএইচআরএফ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠনটি।

বিএইচআরএফ সভাপতি রাশেদ রাব্বি বলেন, “আমাদের সহকর্মী আনোয়ার হোসেনসহ অন্যদের বিরুদ্ধে মানহানির অভিযোগে ১২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। কিন্তু আনোয়ারের অপরাধ কী?

পুরানো খবর:

এক সংবাদের জেরে ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ইব্রাহিম কার্ডিয়াকের

“রাষ্ট্রের আইন অনুযায়ী কোনো রোগী চিকিৎসা নিতে অবহেলা বা ভুল চিকিৎসার শিকার হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ দিতে পারে। একজন ভুক্তভোগী রোগীর বিএমডিসিতে দায়ের করা অভিযোগ আনোয়ার তুলে ধরেছে; এখানে তার বা নাগরিক টেলিভিশনের ব্যক্তিগত কোনো মতামত নেই।”

রাব্বি বলেন, “সরকারের সাহায্যপুষ্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল তাদের অভিযোগের বিরুদ্ধে মামলা করেছে। যে রোগী অভিযোগ করেছেন, তার বিরুদ্ধেও মামলা করেছেন। এই মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি আমরা।”

বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন, সহ-সভাপতি সেবিকা দেবনাথ, রিপোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশনের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক কাউসার আজম মানববন্ধনে বক্তব্য রাখেন।