১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাসায়নিক গুদাম সরাতে অভিযান ঈদের পর: মেয়র তাপস

“অনেক ভবনের নিচে গুদাম, উপরে মানুষ বসবাস করেন; এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 01:14 AM

Updated : 03 Apr 2024, 01:29 AM

পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে ঈদের পর চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 

মঙ্গলবার ‘পুরনো ঢাকার ব্যবসা-বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তাপস বলেন, “পুরান ঢাকা থেকে রাসায়নিক দ্রব্যের কার্যক্রম সরিয়ে নিতে শ্যামপুরে শিল্পাঞ্চল করে দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত সেখানে মাত্র একজন গিয়েছেন। আমরা তাকে ট্রেড লাইসেন্স দিয়েছি। আরেকজন আবেদন করেছেন। সেটাও আমরা করে দিচ্ছি। 

“আজকের এই সভার মাধ্যমে পুরান ঢাকায় যারা রাসায়নিক ব্যবসা করছেন, তাদের প্রতি আমার নিবেদন এবং কঠোর হুঁশিয়ারি থাকবে। আপনারা আইন অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে সেখানে স্থানান্তরিত হোন। না হলে ঈদের পরে আমরা চিরুনি অভিযান করব।” 

মেয়র বলেন, অনেক ভবনের নিচে গুদাম, উপরে মানুষ বসবাস করেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

“প্রয়োজনে সেসব ভবন সিলগালা করে বিদ্যুৎ-পানি বন্ধ করে দেব। এতে পুরো ভবন বন্ধ হয়ে যাবে। তখন যে ভোগান্তি হবে, সেজন্য আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না।” 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, পরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক মো. আব্দুল বাকী মিয়া।