পথচারীকে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ‘ছিনতাইকারীকে’ মারধর
“প্রাথমিকভাবে মনে হয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়েছে, বলেন ওসি মো. মনিরুজ্জামান।
ঢাকার কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
এরপর ওই পথচারীকে রক্তাক্ত অবস্থাতেই হামলাকারীকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকের এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়ার পাশাপাশি আহত পথচারীকে হাসপাতালে পাঠানোর কথা বলেছেন তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান।
তবে ভুক্তভোগী ও আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, “যাকে মারধর করা হয়েছে, তাকে আমরা আটক করেছি। মনে হয়েছে, সে মাদকসেবী। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ভুক্তভোগী ব্যক্তিসহ অন্য পথচারীরা মিলে তাকে মারধর করেছে।”
এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় একজন অন্য একজনকে বেধড়ক কিলঘুসি মারছেন। যিনি মারধর করছেন, তার শরীর রক্তে ভেজা ও জামা ছেড়া। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পথচারীর সঙ্গে আরও ২-৩ জনকে ওই ‘ছিনতাইকারীকে’ মারধর করতে দেখা গেছে।
ভিডিওতে আশপাশের মানুষেকে বলতে শোনা যায়, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হলেও ছিনতাইকারীকে তিনি ধরে ফেলেন। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়।
