২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জাসদ কার্যালয়ে ‘হয়রানির উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি’: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, বলেন তিনি।

জাসদ কার্যালয়ে ‘হয়রানির উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি’: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:21 PM

Updated : 27 Sep 2026, 07:50 PM

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে কাউকে ‘হয়রানি করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল, এমন তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছিল। যদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে।”

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কারাদণ্ড পাওয়া হাসানুল হক ইনুর নেতৃত্বধীন জাসদের কার্যালয়ে শনিবার দুপুরের পর অভিযান চালিয়ে সেখানে থাকা লোকজনকে আটক করে পল্টন থানা পুলিশ।

একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতর থেকে লোকজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।

জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়েছেন, এমন তথ্যে সেখানে অভিযান চালানোর কথা পুলিশও বলেছিল।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা প্রায় ২৮০ জনের মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, “উদ্ধারকৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়ের করা হবে।”

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যাক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলেও দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদের কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই।

জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকে অবহিত করে এবং লিখিত অনুমতি নিয়েই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন অভিযোগ করেছিলেন, তাদের প্রতিনিধি সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়।

দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বলতে দেখা যায়, “এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাজ্জাদ হোসেন বলেছেন, “এটা মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল।”

রোববার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।

সালমান মোক্তাদির প্রসঙ্গ

সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গও আসে।

ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি ‘বিতর্কিত’ জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামক একটি বিল্ডার গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা সংক্রান্ত বিরোধ চলছিল বলে তথ্য দেন স্বরাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, “ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়।”

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গ্রেপ্তার করে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন।

সালমান মুক্তাদিরের ফেইসবুক লাইভে এসে এই ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ দল হিসাবে আখ্যায়িত করেন।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “পরে ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কেউ চাঁদা দাবি করেননি। সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। ভুক্তভোগী লিখিত মামলা দায়ের করলে পুলিশ গুরুত্বের সাথে পুরো বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত সম্পন্ন করবে।”

‘রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা’

মিরপুরের শাহ আলী থানা এলাকায় বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর স্বাস্থ্যকেন্দ্র ও কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে সংঘটিত ওই ঘটনায় শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ইতোমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করার কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

এ ঘটনায় জড়িত সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেন তিনি।

ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন সম্পর্কিত এনসিপির এক নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য না করে সার্বিক বিষয়টি মূল্যায়নের দায়িত্ব তিনি সচেতন জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়।

“কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ইতোপূর্বে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের নজির তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না।