উত্তরাঞ্চলের ৩ জেলায় বন্যার আগাম বার্তা যাবে ‘ভয়েস মেসেজে’
এতে প্রকৃতিক দুর্যোগ এড়ানো না গেলেও ক্ষয়ক্ষতি কমবে বলে মনে করেন দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
উত্তরাঞ্চলের বন্যাপ্রবণ তিনটি জেলায় আগাম সতর্কবার্তা ‘ভয়েস মেসেজে’র মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
বুধবার ঢাকার একটি হোটেলে ‘স্থানীয় পর্যায়ে বন্যার সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বার্ষিক অগ্রগতি অবহিতকরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এদিন প্রতিমন্ত্রী বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য অনলাইন পোর্টাল উদ্বোধন করেন বলেও মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের ১৯টি উপজেলায় এই আগাম সতর্কবার্তা পাঠানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যার ঝুঁকি মোকাবেলায় গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে টেকসই অবকাঠামো ও জনগণের সক্ষমতা অনুযায়ী বিশেষ কার্যক্রম ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
“বন্যা মৌসুমে উপজেলাগুলোর সব ইউনিয়নে ভয়েস মেসেজের মাধ্যমে দ্রুত বন্যার আগাম সতর্কবার্তা প্রদান করা হবে, যাতে বন্যা উপদ্রুত এলাকাবাসী তার মোবাইল ফোনে এই তথ্য পেতে পারেন।”
তিনি বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে জনগণ ও সরকারি বেসরকারি সংস্থা দুর্যোগ পূর্বপ্রস্তুতি আরও ভালোভাবে গ্রহণ করতে পারবে। এতে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতি কমবে।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বা নিমূর্ল করা সম্ভব নয় মন্তব্য করে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। তাই দুর্যোগ ঝুঁকি কমিয়ে ও জনসচেতনতা বৃদ্ধি করে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নিয়ে আসাই সরকারের লক্ষ্য।
টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
এনামুর বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও বন্যা হতে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা সর্ব সাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত। তারই আধুনিক রূপে উপকূলীয় ও বন্যা উপদ্রুত ১৪৮টি উপজেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান।
“উপকূলীয় দুর্গত জনগণ যেমন সেখানে আশ্রয় নিতে পারবে তেমনি তাদের প্রাণিসম্পদকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারবে।”
