বিশ্বকাপের পর ঢাকায় আসবেন কাতারের আমির
আমিরের সম্মতিপত্র মঙ্গলবার পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত সেরায়া আলি মাহদি সাঈদ আল-কাহতানি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি মাহদি সাঈদ আল-কাহতানির সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন উচ্চতায় নিয়ে যেতে চান’ কাতারের আমির। ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশ সফরের বিষয়ে তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণ ‘গ্রহণ করেছেন’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরের সম্মতিপত্র রাষ্ট্রপতিকে পৌঁছে দিতে এদিন পররাষ্ট্রমন্ত্রী মোমেনের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রদূত।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্য সহযোগিতার মত বিষয়ে আলোচনার কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফুটবল বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রী মোমেনের হাতে তুলে দেন রাষ্ট্রদূত।
আগামী ২০ নভেম্বর কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হবে ১৮ ডিসেম্বর।
