২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বনানীতে দোতলার সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

খাদিজার বাবা জানান, সকালে তার স্ত্রী যখন কাজে ব্যস্ত ছিলেন, এ সময় সবার অগোচরে শিশুটি দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:23 PM

Updated : 27 Sep 2026, 09:23 PM

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে পড়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

খাদিজা আক্তার নামের শিশুটির বাবা দুলাল হোসেন পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। বনানীর সাততলা বস্তিতে তারা থাকে।

রোববার দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলাল হোসেন জানান, সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে খাদিজাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।