১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মনোনয়ন বাছাই: বাতিলের সিদ্ধান্তে আরও ‘যত্নবান’ হতে সিইসির নির্দেশ

“বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়,” রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন তিনি।

মনোনয়ন বাছাই: বাতিলের সিদ্ধান্তে আরও ‘যত্নবান’ হতে সিইসির নির্দেশ

পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি েউদ্বোধনের অনুষ্ঠানে কাজী হাবিবুল আউয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 04:55 PM

Updated : 17 Apr 2023, 10:26 PM

বাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিতে বেশ ‘সুচারু’ আদেশ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে এ কথা বলেন তিনি।

আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানের পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে আসেন সিইসি।

এসময় তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা ‘যত্ন সহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে’ যদি মনোনয়নপত্র বাতিল করে থাকে তাহলে সেটা কমিশনের জন্য সহযোগিতার হবে।

“আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে, গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছু কিছু আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়,” যোগ করেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারব।”

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়।

তিনি বলেন, “আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনব, রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন, তা যদি সঠিক ও শুদ্ধ হয় সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সকলের জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে।”

পুরানো খবর:

গাজীপুরে ভোট ২৫ মে, বাকি চার সিটিতে জুনে