০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

চলতি বছর ডেঙ্গুতে ২৫৬ জন মারা গেছেন।

ডেঙ্গু: আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 05:26 PM

Updated : 03 Oct 2026, 05:26 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫৬ জনের মৃত্যু হল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২২৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ১৩১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, ময়মনসিংহে ৭৯, রাজশাহী ১৩২ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২১ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৮ হাজার ৪৮২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।