সহজকে জরিমানার আদেশ এবারও স্থগিত
সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই টিকেট দুজনের কাছে বিক্রি করায় রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।
সহজের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়।
রুলে ২৩ অগাস্ট সহজ ডটকমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অভিযোগকারী যাত্রী বিশ্বজিত সাহাসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আদেশের বিষয়ে বিপুল বাগমার বলেন, “সহজ ডটকমকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আদেশটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন আদালত।”
ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাওয়ার জন্য গত ৩০ জুনের চিত্রা এক্সপ্রেসের টিকেট অনলাইনে কেনেন বিশ্বজিত সাহা। কিন্তু ট্রেনে উঠে দেখতে পান, তার আসনে আরেকজন বসে আছেন।
পরে এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানান তিনি। এরপর উভয়পক্ষের শুনানি শেষে গত ২৩ অগাস্ট সহজ ডটকমকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
এ আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাই কোর্টে আবেদন করে সহজ ডটকম।
এর আগে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের ভিত্তিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখনও সহজ আদালতে গিয়ে জরিমানা স্থগিতের আদেশ এনেছিল।
