মহানগর-দূরপাল্লায় কত হল বাসের ভাড়া, প্রজ্ঞাপন জারি
নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনের কথা বুধবার জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।
এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের মূল্য বৃদ্ধি এবং বর্তমান পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এ ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ধরনের ক্ষেত্রে বিআরটিএ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ নিয়ে আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।
চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।
রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
