১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলের কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

পুলিশ আত্মহত্যার ধারণা করলেও পরিবার তেমন কারণ খুঁজে পাচ্ছে না।

ঢাকা মেডিকেলের কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 08:59 PM

Updated : 06 Jul 2023, 08:58 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

মাজহারুল ইসলাম নামের ২৩ বছর বয়সী ওই পুলিশ সদস্য বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে এলিফ্যান্ট রোড সংলগ্ন ওই কোয়ার্টারের ৩ নম্বর ভবনের নিচ তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিউ মার্কেট থানার এসআই মাকছুদুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, মাজহারুল ওই কোয়ার্টারে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তার দেহটি নিচে পড়া ছিল, আর উপরে ফ্যানে গামছা প্যাঁচানো ছিল। তার গলায় দাগ রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

মৃতের ভগ্নিপতি আবুল বাশার জানিয়েছেন, মাজহারুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

“তবে বুধবার দুপুরেও বাড়িতে কথা বলেছে মাজহারুল। কারও কাছেই এমন কোন তথ্য নেই- যে কারণে মাজহারুল আত্মহত্যা করতে পারেন।”

মাজহারুল কয়েক বছর ধরে পুলিশের চাকরি করছিলেন বলে তার ভগ্নিপতি জানান।

মাজহারুলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।