Published : 04 Jan 2024, 06:58 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে ভোটগ্রহণের চার দিন আগে বুধবার মাঠে নামেন সশস্ত্রবাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সেনা প্রধান বৃহস্পতিবার যশোর, সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম ঘুরে দেখেন।
যশোরে কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন।
সেনা প্রধানের সঙ্গে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার থেকে মাঠে কার্যক্রম শুরু হলেও একদিন আগেই দূরের জেলায় যাওয়া শুরু করেছে সেনা সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা।
সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার ‘নোডাল পয়েন্ট’ ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে তারা এলাকাভিত্তিক মোতায়েন থাকবে।
আইএসপিআর জানায়, উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারযোগে পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রসমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। জরুরি প্রয়োজনে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
পুরানো খবর:
ভোটের মাঠে সশস্ত্রবাহিনীপুরানো খবর:
নির্বাচন: ৬২ জেলায় সেনাবাহিনী নামছে বুধবার