১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

“আপনাদের প্রতি সমাজের দায়িত্ব রয়েছে; সরকারের দায়িত্বে র‌য়েছে। সে দায়িত্ব যতটুকু পালন করা উচিত ছিল, তা সম্ভব হয়নি,” বলেন সরকারপ্রধান।

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় করেন। ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 09:34 PM

Updated : 17 Oct 2026, 09:34 PM

বর্তমান সরকার সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলায়’ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সরকারপ্রধান বলেন, “এই সমাজের প্রতি, এই দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে। ঠিক একইভাবে আজ এখানে যেসব মানুষ উপস্থিত আছেন, আপনাদের প্রতিও সমাজের দায়িত্ব রয়েছে; সরকারের দায়িত্বে র‌য়েছে। সরকারের দায়িত্ব বা সমাজের দায়িত্ব থেকে যতটুকু পালন করা উচিত ছিল, ততটুকু পালন করা সম্ভব হয়নি।

“আপনাদের কষ্টটা আমরা বুঝি। বিভিন্ন কাজে বা চলতে উঠতে বসতে ফিরতে স্বাভাবিকভাবে আপনাদেরকে কিছুটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়। আপনাদের যে কষ্ট আছে, সেটা আমরা বুঝতে পারি। তবে আপনাদেরকে এতটুকু বলব যে আমরা কাজ শুরু করেছি, কতটুকু করতে পারবো কাজগুলো বলতে পারি না। এতটুকু আপনাদেরকে বলতে পারি যে, আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা পাবেন, আমাদের সরকার এই কমিউনিটির ব্যক্তিদের পাশে আছে; ইনশল্লাহ আপনাদের পাশে থাকব।”

প্রধানমন্ত্রী বলেন, “যে বিষয়গুলো আপনারা বলেছেন, তা আমরা বাস্তবায়ন করতে পারি, যেন যেসব সমস্যা আছে, যতদূর পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। আমার সরকার তা করবে।”

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, এই মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

‘‘প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নিয়েছেন।”

Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শনিবার নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন প্রতিবন্ধী ব্যক্তিরা। ছবি: পিএমও

উপ প্রেস সচিব বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি তোলা হয়। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিবন্ধীরা।

“প্রধানমন্ত্রী তার বক্তব্যে আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

উপ প্রেস সচিব বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী অন্তত বড় শহরগুলো এ ধরনের পরিবহনব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবির পরিপ্রেক্ষিতেও তিনি কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।”

অনুষ্ঠানে মো. মহসিন নামে একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনেছেন বলে জানালে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন।

বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তার দলকে সহযোগিতা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।