৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর: ৩ জন রিমান্ডে, জামায়াত এমপির জামাতাকেও হেফাজতে চায় পুলিশ

বৃহস্পতিবার রিমান্ড শুনানি হবে তিনজনের।

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর: ৩ জন রিমান্ডে, জামায়াত এমপির জামাতাকেও হেফাজতে চায় পুলিশ

মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 07:08 PM

Updated : 30 Sep 2026, 07:19 PM

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ আরও তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছেন।

একই আদালত এ তিন আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রেখেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তিনজনকে রিমান্ডে পাঠানোর এবং বাকি তিনজনের রিমান্ড শুনানির এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মামুন, মো. আসলাম ও মো. মুন্না।

আর বৃহস্পতিবার রিমান্ড শুনানি হবে মিজানুর, শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমের।

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ রোববার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন বুধবার। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

এসআই তারেকুর বলেন, শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এরপর তদন্ত কর্মকর্তা এ ঘটনায় মিজানুরসহ গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর বলেন, আদালত বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে তাদের শুনানির দিন রেখেছে।

সোমবার বিকালে গোয়েন্দা পুলিশ পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুরকে গ্রেপ্তার করে। এসময় বাসায় ওই সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: গ্রেপ্তার ৩ জন কারাগারে, রিমান্ড শুনানি বুধবার