২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার

মামলাটিতে এ নিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হল।

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার

গ্রেপ্তার মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:48 PM

Updated : 28 Sep 2026, 09:48 PM

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে সোমবার রাতে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

মামলাটিতে এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

উপ কমিশনার আনোয়ার হোসেন খান বলেন, “গ্রেপ্তার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব কিছু যাছাই চলছে। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।”

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।