১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনে ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে পদ্মা সেতুতে

এ বছরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবশিষ্ট কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

দিনে ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে পদ্মা সেতুতে

রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের পদ্মা সেতুর টোল প্লাজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:32 PM

Updated : 16 Jan 2024, 06:45 PM

পদ্মা সেতুতে দৈনিক দুই কোটি টাকা টোল আদায় হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতুতে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা।

এছাড়া চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওবায়দুল কাদের বলেন, ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই উড়াল সড়কের বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ এখন ভয়ে ভয়ে আছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ভয় পেতে পেতে নির্বাচনটা করে ফেললাম, ভয় কোথায়? তাদের ভয়ের কোনো কারণ নেই। তারা আতঙ্ক সৃষ্টি করে, গুপ্ত হত্যা করে, বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায়।

“এসব কাজ যারা করে তাদের কেউ, হিতোপদেশ দিতে পারে বলে মনে করি না। কে কি বলবে তা নিয়ে আমাদের মাথা ঘামাই না। তাদের অনুরোধ জনগণ শোনেনি। তাদের কথা কেউ শোনেনা, নিজেরা নিজেরা মনের শক্তি। মনে সুখের জন্য আবোলতাবোল বলে।”

দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয় মন্তব্য করে কাদের বলেন, “দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।”