১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণ, কিডনি ডায়ালাইসিস শুরু

এক সপ্তাহ ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণ, কিডনি ডায়ালাইসিস শুরু

জাফরুল্লাহ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 06:12 PM

Updated : 11 Apr 2023, 06:18 PM

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর রক্তের সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার দুপুর থেকে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাফরুল্লাহর কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক মামুন মোস্তাফী।

এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের এ মেডিকেল বোর্ডের বৈঠকের পর তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণ ধরা পড়েছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে মেডিকেল বোর্ডের দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলেছে।

মামুন বলেন, “তিনি নিবিড় পর্যবেক্ষনে ও ভেন্টিলেশনে আছেন।“

পুরানো খবর:

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

পুরানো খবর:

জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, এদিন সকাল ১০টায় নগর হাসপাতালে মেডিকেল বোর্ড পর্য়ালোচনা বৈঠকে বসে। এতে নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এবিএম আবদুল্লাহ, অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারীসহ গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট চিকিৎসাকরা ছিলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কোভিড আক্রান্ত হওয়ার পর কিডনি সমস্যার পাশপাশি লিভারে সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ৩ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত রোববার তার শারিরীক অব্স্থার উন্নতি না হলে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

৮২ বছর বয়সী বীর এ মুক্তিযোদ্ধার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা সবাইকে তার সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।

১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন।